দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে। গতকাল রোববার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো পুরাতন বাস্তপুর গ্রামের শাহাদত আলীর ছেলে ইয়ারুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সেলিম রেজা গত শনিবার রাত ৮ টা ১০ মিনিটের দিকে এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় মোবাইল ফোনে খবর পান যে, দামুড়হুদা থানাধীন রাঘুনাথপুর গ্রামস্থ রাঘুনাথ ব্রিজের ওপর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের শাহাদত আলীর ছেলে ইয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোঁচর থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসআই সেলিম রেজা আসামিকে সামারি ট্রায়ালের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রতিবেদক দামুড়হুদা