দামুড়হুদা উপজেলা সদরে জমি দখল ও ন্যায় বিচারের দাবি তুলে দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জয়নাল আবেদিন। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সামনে হাজির হয়ে লিখিত অভিযোগ পড়ে শোনান।
দামুড়হুদা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন লিখিত বক্তব্যে বলেন, দামুড়হুদা মৌজার আরএস ২১৮৯ দাগের ২৪ শতক পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং আদালত উভয় পক্ষকে জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। গত ১৭ জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে জমিতে থাকা তারের বেড়া কেটে জোরপূর্বক দখল নেয়। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি পুনরায় জমিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও জমিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত রয়েছেন।
তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবেদক দামুড়হুদা