জীবননগর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মো. নূর আলমসহ অন্যান্য সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার জীবননগর থানায় মো. নূর আলম নিজে বাদী হয়ে এই জিডি দায়ের করেন। জিডি নম্বর: ১১৯৫ (তারিখ: ২৫/০৭/২০২৬)।
জিডি সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাত ১০টার দিকে মো. নূর আলম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, "নাশকতা" নামের একটি অজ্ঞাতনামা ফেক ফেসবুক আইডি থেকে একটি বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি মুন্সী মাহবুবুর রহমান বাবু ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন উপলক্ষে স্থানীয় 'দ্যা রয়েল ক্যাফে'-তে একটি দোয়া মাহফিল ও সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত আইডি থেকে সেই অনুষ্ঠানের ছবি ব্যবহার করে ফেসবুকে সাংবাদিকদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হচ্ছে।
জিডি করার বিষয়টি নিশ্চিত করে মো. নূর আলম বলেন, "একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার এবং আমাদের প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। এর মাধ্যমে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের বিনীত অনুরোধ, বিষয়টি দ্রুত ও সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।
জীবননগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকদের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমীকরণ প্রতিবেদক