দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা সীমান্তবর্তী কুতুবপুর বাজারে একটি চায়ের দোকানের তালা ভেঙে একটি এলইডি টেলিভিশন চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানদার আকরাম হোসেন জানান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তিনি কয়েক বছর ধরে একটি চায়ের দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখতে পান দোকানে থাকা ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনটি চুরি হয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টেলিভিশনটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাজার এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে দোকানদার আকরাম হোসেন জানিয়েছেন।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা