চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ বাজারে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বাজার প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল দেশে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রত্যেকটি জেলা, পাড়া-মহল্লায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। নতুন প্রজন্মের অনেক ছেলে-মেয়ে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ছে। এতে শুধু একটি প্রজন্ম নয়, ধ্বংস হচ্ছে সমাজ, পরিবার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি। দেশের বাইরে থেকে যে মাদক দেশে প্রবেশ করছে, সেই পথ বন্ধ করতে হবে। সীমান্ত ও প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। এভাবে মাদক নির্মুল করা সম্ভব নয়।’
সংসদ সদস্য বলেন, ‘মাদক অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর আইন ও সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তারা সহজে জামিনে মুক্তি পেতে না পারে। মাদক নির্মুলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।’ তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, জেলা ইউনিটের টিম সদস্য আব্দুর রউফ এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির ফরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আমীর খবীর উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সরোজগঞ্জ বাজার শাখার অর্থ সম্পাদক আমিরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সংসদ সদস্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক সরোজগঞ্জ