বুধবার, ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন ও গণজমায়েত

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২৬ ইং
উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন ও গণজমায়েত

জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, যাত্রীছাউনি এবং ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উথলী রেলস্টেশন ব্যবহারকারী ট্রেনযাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


কর্মসূচি চলাকালে বিকেল ৫টার দিকে খুলনাগামী ৭২৮ ডাউন রুপসা এক্সপ্রেস উথলী রেলস্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা কিছু সময় ট্রেনটি স্টেশনে আটকে রেখে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে বিকেল ৫টা ১৩ মিনিটে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অধিকাংশ উপজেলা পর্যায়ের রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি থাকলেও জীবননগর উপজেলার একমাত্র সচল রেলস্টেশন উথলীতে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। এতে জীবননগর উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী মহেশপুর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন।


বক্তারা আরও বলেন, উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে যাত্রীসেবা যেমন সহজ হবে, তেমনি রেলেরও আয় বৃদ্ধি পাবে। তাই জনস্বার্থ বিবেচনায় দ্রুত বেনাপোল এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি যাত্রীছাউনি ও ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক ঝণ্টু, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আমিনুল রহমান নয়ন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান এবং উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসানুজ্জামান।


এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী, চাকরিজীবী, গণমাধ্যমকর্মী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় হাজারখানেক মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, জীবননগর ও আশপাশের এলাকার মানুষের ঢাকা, যশোর, খুলনা ও রাজশাহী রুটে যাতায়াতের জন্য বেনাপোল এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন। কিন্তু উথলী স্টেশনে যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের দর্শনা স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়, যা সময়, অর্থ ও ভোগান্তি-সবই বাড়িয়ে দেয়।


তারা জানান, সম্প্রতি উথলী রেলস্টেশনে প্রায় ১ হাজার ২০০ ফুট দীর্ঘ নতুন প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে, যা আশপাশের স্টেশনগুলোর মধ্যে অন্যতম দীর্ঘ ও আধুনিক। এছাড়া স্টেশন এলাকায় নিরাপত্তা পরিস্থিতিও সন্তোষজনক। তাই সব দিক বিবেচনায় উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করার দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

বদরগঞ্জ বাজারে সংবর্ধনা গ্রহণকালে এমপি মাসুদ পারভেজ রাসেল