দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের ব্র্যাক স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মোকারিম রাস্তার ধারে বাইসাইকেল রেখে পানি পান করতে গেলে বাইসাইকেলটি চুরি হয়ে যায়। চোর সাইকেলটি চুরি করে অজ্ঞাত ব্যক্তি আত্মীয়ের পরিচয় দিয়ে দামুড়হুদা দশমীপাড়ার আবুল হাসানের বাড়িতে সাইকেলটি তালা মেরে কৌশলে পালিয়ে যায়। পরে আবুল হাসান সাইকেলটি দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে সাইকেলের মালিকের খোঁজ পেয়ে থানায় গেলে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) নুরুল্লাহ ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে মোকারিমের হাতে সাইকেলটি তুলে দেন।
জানা যায়, দামুড়হুদা দশমীপাড়ার মৃত হযরত আলীর ছেলে আবুল হাসান বাড়িতে না থাকায় তার প্রতিবেশীর নিকট অজ্ঞাত ব্যক্তি আত্মীয় পরিচয় দিয়ে চোরাইকৃত বাইসাইকেলটির তালা মেরে কৌশলে পালিয়ে যায়। পরে আবুল হাসান বাড়িতে গিয়ে জানতে পারে পরিচয়বিহীন একজন সাইকেল রেখে গেছে। তৎক্ষণাৎ আবুল হোসেন সাংবাদিকদের সহযোগিতা নিয়ে বাইসাইকেলটি মডেল থানায় হস্তান্তর করে। পরে মডেল থানা-পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় প্রকৃত মালিকের সন্ধান মিলেছে। সাইকেলটির মালিক গোবিন্দহুদা গ্রামের মালেশিয়া প্রবাসী শিমুল খানের ছেলে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় দামুড়হুদার ৮ম শ্রেণির ছাত্র মোকারিম খান। পরে যাচাই-বাছাই করে দামুড়হুদা-জীবননগর সার্কেল সহকারী পুলিশ সুপার নুরুল্লাহ ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন মোকারিম ও তার মায়ের হাতে সাইকেলটি তুলে দেন।
প্রতিবেদক দামুড়হুদা