আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পৃথক মামলায় আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালে তাদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালায় আলমডাঙ্গা থানা-পুলিশ। অভিযানে গ্রেপ্তার হন কালিদাসপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছবদুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম (২৩), বড়গাংনী গ্রামের সাবান আলীর ছেলে আল আজিম (২৪), একই গ্রামের শওকত আলীর ছেলে বকুল হোসেন (৪২) এবং আঠারোখাদা গ্রামের আবু তাহেরের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (২৩)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পশুহাট সংলগ্ন সরকারি টয়লেটের সামনে অভিযান চালিয়ে শাহাবুল ইসলামকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন। একই সময়ে আসমানখালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সবুর হাপানিয়া গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে আল আজিম, বকুল হোসেন ও জিয়াউর রহমানকে মোট ছয়টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধার হওয়া মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়।
গত সোমবার আসামিদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালতে হাজির করা হলে শাহাবুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন।
একই আদালত আল আজিম, বকুল হোসেন ও জিয়াউর রহমানকে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আলমডাঙ্গা থানা-পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলমডাঙ্গা অফিস