বুধবার, ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সাত দিনব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলার উদ্বোধনকালে শরীফুজ্জামান

জনজীবনকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই
  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২৬ ইং
দর্শনায় সাত দিনব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলার উদ্বোধনকালে শরীফুজ্জামান

‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ, সবুজ হোক আমাদের আগামীর পৃথিবী’- স্লোগানে দর্শনায় সাত দিনব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌর এলাকার কেরুর গরুর গাড়ি গেটসংলগ্ন স্থানে দর্শনা চিরন্তন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা দেশের সর্বোচ্চ গ্রীষ্মকালীন তাপমাত্রা ও সর্বনিম্ন শীতকালীন তাপমাত্রার জন্য পরিচিত। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনজীবনকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।


শরীফুজ্জামান শরীফ জানান, জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আগামী দিনে ১০ থেকে ১৫ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হবে। শুধু চারা নয়, গাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি ও খাঁচাও বিনামূল্যে দেওয়া হবে বলে জানান তিনি।


তিনি আরও বলেন, দর্শনা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। তাই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে দর্শনাবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কোথায় কোথায় গাছ লাগানো যেতে পারে, সে বিষয়ে স্থানীয়দের পরামর্শও কামনা করেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিম মেহমুদ, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী, পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, বিএনপি নেতা মহিদুল ইসলাম, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এবং দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা চিরন্তন সংগঠনের মুখ্য সংগঠক রিয়েল ইসলাম লিওন। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন নার্সারি স্টল পরিদর্শন করেন। পরে দর্শনা বাউল সংগীত একাডেমির উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

বদরগঞ্জ বাজারে সংবর্ধনা গ্রহণকালে এমপি মাসুদ পারভেজ রাসেল