মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোপালপুরে জলাবদ্ধতা ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৬ ইং
গোপালপুরে জলাবদ্ধতা ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

দামুড়হুদার গোপালপুরে জলাবদ্ধতা ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। গতকাল সোমবার গোপালপুর  গ্রামের সার বাগান সড়কে মানববন্ধন এই অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জনবসতি এলাকা পর্যন্ত প্রায় ৪০০ মিটার অংশে পরিকল্পিত পাকা ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, শিশু ও বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া পানি নিষ্কাশনের জন্য বিদ্যমান খালটির পুনঃখনন ও সংস্কার না হওয়ায় সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করেছে। জলাবদ্ধতার কারণে পরিবেশ দূষণ, মশার উপদ্রব এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। দ্রুত পরিকল্পিত পাকা ড্রেন নির্মাণ, বিদ্যমান খালের পুনঃখনন ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব।


ওই গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘বর্ষা মৌসুম এলেই আমাদের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দ্রুত ড্রেন নির্মাণ ও খাল সংস্কার করা জরুরি। এটি শুধু একটি অবকাঠামোগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য ও জননিরাপত্তার বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে হাজারো মানুষ উপকৃত হবে।’


আশরাফুল হক বলেন, জলবদ্ধতার কারণে মাস ছয়েক আগে স্কুল সংলগ্ন সড়কের চিকন অরক্ষিত ড্রেনে পড়ে আড়াই বছরের শিশু শিহাব মারা যায় আমরা এখানে স্থায়ী ড্রেন  নির্মাণের দাবি জানাচ্ছি। ফুরকান আলী বলেন, ‘আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, পুরো গ্রামের মানুষের স্বার্থে এই মানববন্ধন করেছি। আমাদের দাবিগুলো বাস্তবায়ন হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।’


এসময় উপস্থিত ছিলেন সাখাওয়াত, ফুরকান, বিশারত, তরিকুল, আরফিন, মমিরুল, জিনারুল, ইসমাইল, কবির, মাসুদ, আজিজুল, আশানুর, লিটন, রতনসহ এলকার নারী গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন