মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জ ও জীবননগরে পুলিশের পৃথক অভিযান

চার মাদক কারবারির এক বছরের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৬ ইং
সরোজগঞ্জ ও জীবননগরে পুলিশের পৃথক অভিযান

চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের দিকনির্দেশনা এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই সদরুল আলমের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এরই অংশ হিসেবে গত রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহ টাওয়ারের নিকট থেকে দুজন মাদক ব্যবসায়ীকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অভিযানে অংশ নেন এএসআই ওহিদুল ইসলাম, এএসআই শামীম হোসেনসহ পুলিশের একটি দল।


গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ ঈদগাহপাড়ার রবিউলের ছেলে রিফাত হোসেন এবং পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের বাবুর আলীর ছেলে আরাফাত হোসেন। তারা উভয়েই চুয়াডাঙ্গা সদর থানা ও জেলার বাসিন্দা। গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা কামাল প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।


এদিকে, জীবননগরে গ্রেপ্তার দুই মাদক কারবারিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সামারি ট্রায়াল আদালত তাদের এই কারাদণ্ড দেন। জীবননগর থানা-পুলিশ জানায়, গত রোববার জীবননগর থানা-পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার গয়েশপুর গ্রামের মো. আশাদুল হক ওরফে কালু (৪৮), তিনি মো. ফজল আলীর ছেলে এবং উপজেলার গোপালনগর পাড়ার মো. ফিরোজ হোসেন (২৯), তিনি মো. তাহাজ্জেল হোসেনের ছেলে।


গ্রেপ্তারকৃত মো. আশাদুল হক ওরফে কালুর বিরুদ্ধে জীবননগর থানার প্রসিকিউশন নম্বর ১৫/২৬। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া ফিরোজ হোসেনের প্রসিকিউশন নম্বর ১৬/২৫। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন