গত কয়েকদিনের আকস্মিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের খোঁজখবর নিতে দিনভর জীবননগর পৌরসভার নয়টি ওয়ার্ড ঘুরে দেখেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন। গতকাল রোববার সকাল থেকে শুরু করে দিনব্যাপী তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
এসময় সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ‘আপনাদের যেকোনো বিপদে-আপদে আমি পাশে আছি। আমার সাধ্যমতো আমি আপনাদের সেবা করে যাব। এ সময় আকস্মিক ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং রাস্তাঘাটের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি নিজে পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করে এই সমস্ত রাস্তাঘাট সংস্কার ও মেরামতের জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সাখাওয়াত হোসেন, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ বিলাল হোসেন, মাওলানা আবু বকর এবং পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম খলিল।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যকে কাছে পেয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
জীবননগর অফিস