চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে সামারি ট্রায়াল আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার সব ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সিএন্ডবিপাড়া (মাঠপাড়া) গ্রামের জুরান আলী জোয়ার্দ্দারের মুরগির খামারের পাশে অভিযান চালায়।
অভিযানে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, হকপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে শিতল আলী (২৬), কেদারগঞ্জ সিএন্ডবিপাড়ার বাবলু ডাঙ্গার ছেলে শাকিব হোসেন ডাঙ্গা (২৪), একই এলাকার আব্দুল খালেকের ছেলে সোহেল রানা সোহাগ (৩০), সাতগাড়ি গ্রামের সেলিম হোসেনের ছেলে আশিক আলী (২০) এবং কিরণগাছী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৩)।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে **অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দর্শনা অফিস