চুয়াডাঙ্গা শহরে বহিষ্কৃত যুবদল নেতা জাহিন শেখকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আহত জাহিন শেখের ভাই রাইহান মোল্লা (৩২)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সামনে তাদের অফিসে অবস্থান করছিলেন জাহিন শেখ। এ সময় পরিচিত ইমদাদুল হক আকাশ মোবাইল ফোনে তাকে সদর উপজেলার বেলগাছি মুসলিমপাড়া এলাকায় হোমিও কলেজের পাশের একটি স্থানে যেতে বলেন।
অভিযোগে বলা হয়েছে, রাত সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়-ভীতি দেখিয়ে একটি পরিত্যক্ত আধাপাকা ঘরে নিয়ে যায়। পূর্বশত্রুতার জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। মামলায় অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা জাহিন শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। হামলার একপর্যায়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও ব্রেসলেট, সঙ্গে থাকা নগদ ৫৫ হাজার টাকা এবং একটি টেকনো স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার ব্যবহৃত একটি আইফোন ভেঙে ফেলা হয়, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, জাহিনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত জাহিন শেখকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক