দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে এক মুসল্লির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দামুড়হুদা সদর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের নুরুল হক মণ্ডলের ছেলে এবং কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজমোড় এলাকার সার ও কীটনাশক ব্যবসায়ী মো. হাসিবুর রহমান তার ব্যবহৃত ইয়ামাহা ভার্সন ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: চুয়াডাঙ্গা ল-১২-১৬৭৭) কোমরপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে রেখে জামাতে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখেন, সেখানে রাখা মোটরসাইকেলটি নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মো. হাসিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা