চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় অভিযান চালিয়ে ওজনমাপক যন্ত্রে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ডিজিটাল ব্রিজ স্কেল ও রড মাপার স্কেল তদারকি করা হয়।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওজনমাপক যন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় হাতিকাটার এন কে ট্রেডার্স (এন কে ডিজিটাল ব্রিজ স্কেল)-এর মালিক মো. মহসিন আলী জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা এবং মেসার্স ব্রাদার্স ট্রেডার্স-এর মালিক মো. রাহিনুর ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ ছাড়া মুন্নার মোড়ের গোল্ডেন ডিজিটাল ব্রিজ স্কেল-কে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত সেবা প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, সুগন্ধা ডিজিটাল ব্রিজ স্কেল ও বিসমিল্লাহ ডিজিটাল ব্রিজ স্কেল-এর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে ধন্যবাদ জানানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক