আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের অসচ্ছল যুবক টিপু সুলতানের চোখের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন প্রবাসী ও স্থানীয় যুবকেরা। দেশ-বিদেশে থাকা ৬৯ জনের স্বেচ্ছা অনুদানে গঠিত তহবিল থেকে তার হাতে ১ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। তবে চিকিৎসা সম্পন্ন করতে এখনও আরও প্রায় ১ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বেলগাছী পুরাতন বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টিপু সুলতানের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
উদ্যোক্তারা জানান, গত ২১ জুন রাজধানীর ধানমন্ডির একটি চক্ষু হাসপাতালে টিপুর চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসকদের মতে, তার দুই চোখের দৃষ্টিশক্তি দ্রুত কমে যাচ্ছে। দ্রুত অস্ত্রোপচার না করলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন হলেও পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়। বিষয়টি জানার পর বেলগাছী ও পোয়ামারী গ্রামের প্রবাসী এবং স্থানীয় কয়েকজন যুবক মিলে একটি সহায়তা তহবিল গঠন করেন। পরে ৬৯ জনের স্বেচ্ছা অনুদানে ১ লাখ টাকা সংগ্রহ করা হয়। বাকি অর্থ সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।
সহায়তার অর্থ হাতে পেয়ে টিপু সুলতান বলেন, ‘আপনাদের সহযোগিতা না পেলে আমার চিকিৎসা করানো সম্ভব হতো না। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এখনও আরও কিছু টাকা প্রয়োজন। সবার সহযোগিতা ও দোয়া পেলে দ্রুত অস্ত্রোপচার করাতে পারব।’
ইতালি প্রবাসী রাহাত রাব্বি বলেন, ‘প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’ স্থানীয় ব্যবসায়ী সোহেল বলেন, ‘মানুষ মানুষের জন্য’- এই বিশ্বাস থেকেই আমরা সবাই একসঙ্গে এগিয়ে এসেছি। সমাজের সামর্থ্যবানদেরও এমন মানবিক কাজে অংশ নেওয়া উচিত।
আলমডাঙ্গা অফিস