জীবননগরে পবিত্র হজ পালনকারী হাজীদের সম্মানে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে চলতি বছর হজ পালন শেষে দেশে ফেরা ৩০ জন নতুন হাজীসহ প্রায় ২৫০ জন হাজী অংশ নেন। গতকাল শনিবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদ জামে মসজিদে আল মিজান হজ ও উমরাহ সার্ভিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল মিজান হজ ও উমরাহ সার্ভিসের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম-খতিব আলহাজ হাফেজ মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে হজের শিক্ষা ও তাৎপর্য, হজ-পরবর্তী জীবন ইসলামী আদর্শে পরিচালনা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
এসময় বক্তব্য দেন আল মিজান হজ ও উমরাহ সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা জাহাঙ্গীর, হাফেজ মো. মিজানুর রহমান, মাখলুকাত জামান রুবেল, সোলাইমান হোসেন রিপন, আরাফাত ওমর, খাত্তাব, তবিবুর রহমান, আজিজুল হক, রবজেল মিয়া, রকিব উদ্দিন, শরিফুল ইসলাম, ওমর ফারুক, রবিউল ইসলাম, ডা. মোস্তফা কামাল, আব্দুল ওয়াহেদ, আলমগীর হোসেন এবং এম আর বাবুসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া হাজীরা বলেন, আল মিজান হজ ও উমরাহ সার্ভিসের মাধ্যমে হজ পালনের সময় তারা আন্তরিক ও মানসম্মত সেবা পেয়েছেন। হজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক হাজী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগর অফিস