দামুড়হুদা উপজেলায় গত শুক্রবার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। একটানা ভারী বৃষ্টির কারণে তলিয়ে গেছে এলাকার বিভিন্ন মাঠের ফসল। পানিতে থৈ থৈ করছে মহল্লার অধিকাংশ বাড়ির আঙ্গিনা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার ফলে পানি ঢুকে পড়েছে কার্পাসডাঙ্গা বাজারের কিছু ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। ভারী বৃষ্টির কারণে উপজেলার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলা-গোবিন্দহুদাস্থ ছটাঙ্গার মাঠ নামক স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দহুদাস্থ ছটাঙ্গার মাঠ নামক স্থান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিনার লাভলী ইয়াসমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফন নাহার সরেজমিন পরিদর্শন শেষে বলেন, জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলায় শুক্রবার ভোর থেকে দীর্ঘ সময় ধরে একটানা পানি নামার একপর্যায়ে ভূমিধসে পড়ে এবং গভীর গর্তের সৃষ্টি হয়। সড়কের কোল ঘেঁষে ভাঙনের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ ওই আঞ্চলিক মহাসড়কটি। ইতোমধ্যেই সড়কের বেশকিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। তড়িৎ পদক্ষেপ না নিলে সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হওয়ার পর জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। পরে গতকাল বিকেলে জেলা প্রশাসক লুৎফন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, জননিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে এলজিইডির কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করবে। পাশাপাশি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক দামুড়হুদা