আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জে এক কাতার প্রবাসীর বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে চোরেরা ঘরের তালা ভেঙে নগদ টাকা, ভিসা-পাসপোর্ট, জমির দলিলসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে ঘরের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে ভেতরে থাকা নগদ টাকা, কাতার প্রবাসীর অতি প্রয়োজনীয় ভিসা, পাসপোর্ট, জমির আসল দলিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দেয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার আলমগীর হোসেন পরিবারের সকল সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার রাতে বাড়ি ফিরে এসে দেখে ঘরের সকল জিনিস লণ্ডভণ্ড করে দামী মালামাল সব চুরি করে নিয়ে গেছে। সকালে পরিবারের সদস্যরা ঘরের তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান। প্রবাসীর বিদেশ যাত্রার প্রধান সম্বল পাসপোর্ট ও ভিসা এবং মূল্যবান দলিলপত্র হারিয়ে পরিবারটি এখন চরম দিশেহারা ও নিঃস্ব হয়ে পড়েছে।
আলমগীর হোসেনের স্ত্রী সাথী খাতুন বলেন, আমাদের প্রতিবেশী ফাহিম, প্রান্ত, আকরাম, কিরনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। স্বামী বিদেশ থেকে বাড়ি ফিরলে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার দাবি পূরণ করতে অস্বীকৃতি জানালে তারা আমার স্বামীর বিদেশ যাত্রা থামিয়ে দিতে এই চুরি সংঘটিত করেছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল বলেন, চুরির অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরাই মাল উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
আলমডাঙ্গা অফিস