শনিবার, ১১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সাবেক-বর্তমান খেলোয়াড়দের সংবর্ধনায় জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান

ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব
  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গার সাবেক-বর্তমান খেলোয়াড়দের সংবর্ধনায় জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্স ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ফুটবল খেলোয়াড় সরোয়ার হোসেন জোয়ার্দার (মধু ওস্তাদ)। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের মানুষের কাছ থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। একটি জেলার উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমান বিকাশ ঘটে।


তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। এখানকার অসংখ্য খেলোয়াড় জেলা ও জাতীয় পর্যায়ে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। সেই ঐতিহ্যকে ধরে রাখতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে প্রয়োজন নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো।’


জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। খেলোয়াড়দের ন্যায্য দাবি ও প্রয়োজনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জেলার প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা থাকবে।’


তিনি বলেন, ‘রাজনীতি কিংবা ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে জেলার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চুয়াডাঙ্গাকে একটি সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি জেলার উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে কাজ করে যেতে চাই।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, ক্রীড়া সংগঠক ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল ছালাম, সাবেক খেলোয়াড় রেজাউল করিম রেজা, মানিক, মিলন বিশ্বাস, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মামুন মণ্ডল, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার মাহাবুব হক বাচ্চু, লিপু, জুয়েল মাহমুদ, মতিউর রহমান মিশরসহ জেলার বিভিন্ন সময়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা।


শেষে অতিথিরা শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার নতুন বাজারে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক