জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে ২২ বোতল এসকাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ৫৮ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মাধবখালী বিওপির হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগান এলাকায় অভিযান চালায়। এসময় এক অজ্ঞাত চোরাকারবারিকে ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, এখন ঘটনায় বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।
জীবননগর অফিস