দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে দর্শনায় অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন চত্বরে দর্শনা রেল সংগ্রাম পরিষদের আয়োজনে এ অবস্থান সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দেশের একটি গুরুত্বপূর্ণ রেল জংশন হলেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের যাত্রীরা কাক্সিক্ষত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত যাত্রীবান্ধব সিদ্ধান্ত নিয়ে ট্রেন চালু এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- দর্শনা, কোটচাঁদপুর, যশোর ও নড়াইল রুটে একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ঈশ্বরদী পর্যন্ত দুটি লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে, দর্শনা রেল জংশন থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে নির্মাণাধীন ওয়াশপিট প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং দর্শনা হল্ট স্টেশনে চিত্রা ডাউন ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।
দর্শনা রেল সংগ্রাম পরিষদের সভাপতি রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, আনোয়ারুল ইসলাম বাবু, তানভীর রহমান অনিক, দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্র সংসদের ধর্মীয় ও দরিদ্র তহবিল সম্পাদক আব্দুর রশিদ, বাস-মিনিবাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, কেরু চিনিকলের সাবেক কর্মকর্তা আব্দুল খালেক, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন এবং ব্যবসায়ী মাহবুব আলম।
সমাবেশ পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস আনোয়ারুল ইসলাম বাবু। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
দর্শনা অফিস