সোমবার, ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে

চুয়াডাঙ্গায় ১১৫০ উপকারভোগীর মাঝে চারা বিতরণ
  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৬ ইং
প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।


অনুষ্ঠানে সাধারণ নারী-পুরুষ ও কৃষকদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বাস্তবায়িত এ কর্মসূচিতে সদর উপজেলার ৩টি প্যাকেজে ১ হাজার ১৫০ জন উপকারভোগীর মাঝে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি গাছের চারা, ২৫ কেজি জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন জাতের মোট ২৫ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সদর উপজেলায় তিনটি প্যাকেজের মাধ্যমে চারা বিতরণ করা হচ্ছে। এসব প্যাকেজে ফলজ, বনজ, ঔষধি ও কাঠজাতীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। শুধু চারা নয়, চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার জন্য জৈব সার এবং খুঁটিও দেওয়া হচ্ছে।’


তিনি বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপকারভোগীদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন চারাগুলো যথাযথভাবে রোপণ করে নিয়মিত পরিচর্যা করেন এবং গাছের বৃদ্ধি ও বিকাশের তথ্য সংরক্ষণ করেন।’


তিথি মিত্র আরও বলেন, ‘চুয়াডাঙ্গায় শীতকালে তীব্র শীত এবং গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ দেখা যায়। বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে।’


অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা করিম হোসেন, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, মফিজুর রহমানসহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব