চুয়াডাঙ্গায় জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।
সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বলেন, জেলায় বিপুলসংখ্যক অসহায় ও দুস্থ বিচারপ্রার্থী রয়েছেন। তাদের অনেকেই লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে অবগত নন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং লিগ্যাল এইডের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে। সচেতনতা বাড়াতে পোস্টার, ব্যানার ও প্রচার কার্যক্রম জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সাংবাদিকদের লিগ্যাল এইডের কার্যক্রম প্রচারের প্রশংসা করে বলেন, জেলা লিগ্যাল এইডের কার্যক্রম প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোট জেলা হওয়া সত্ত্বেও চুয়াডাঙ্গায় গণমাধ্যমের সহযোগিতা উল্লেখযোগ্য। মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদক নির্মুলে চোরাচালানের মূল রুটগুলো বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
সভায় জানানো হয়, গত ২০ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত জেলা লিগ্যাল এইড কার্যালয়ে ৫০টি আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। এসময় আইনজীবীদের ১৮টি বিলও দাখিল করা হয়েছে।
চিফ লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি ছনোয়ার হোসেন, জেল সুপার মনির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, বিশেষ পাবলিক প্রসিকিউটর এম এম শাহজাহান মুকুলসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক