বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ভোগাইলে মাদক ও জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

আদালতের তাৎক্ষণিক বিচারে সবার কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৬ ইং
আলমডাঙ্গার ভোগাইলে মাদক ও জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

আলমডাঙ্গা উপজেলার ভোগাইল এলাকায় মাদক ও জুয়াবিরোধী পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদালতে হাজির করা হলে তাৎক্ষণিক বিচারে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান মাদক ও অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভোগাইল এলাকায় অভিযান চালান।


অভিযানের প্রথম ধাপে ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তর পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভোগাইল বগাদী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহকে (২৩) আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাদা কাগজে মোড়ানো প্রায় এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


একই রাতে ভোগাইল গ্রামের জব্বারুলের চায়ের দোকানে অভিযান চালিয়ে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন- ভোগাইল গ্রামের ফজলুল হকের ছেলে মিলন মিয়া (৪২), সোনা মণ্ডলের ছেলে আব্দুল করিম (৪৫), মকছেদ আলীর ছেলে জব্বারুল ইসলাম (৩৫), শাহাদত আলীর ছেলে মহিবুল ইসলাম (৩৫) এবং আকাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ৫২ পিসের তাসের সেট এবং জুয়ার আসরে ব্যবহৃত ৮০ টাকা জব্দ করা হয়।


গতকাল বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে মাদক মামলায় আব্দুল্লাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জুয়া খেলার দায়ে মিলন মিয়া, আব্দুল করিম, মহিবুল ইসলাম ও জাহিদুল ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


জুয়ার আসর পরিচালনার দায়ে জব্বারুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!