বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৬ ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় মজনু হোসেন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা-আনন্দধাম সড়কের ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। নিহত মজনু আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিনীতপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল। নতুন সংসারের আনন্দ কাটতে না কাটতেই তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই আকাশকে আলমডাঙ্গা বাস টার্মিনালে বাসে তুলে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মজনু। পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী টুটুল হোসেন জানান, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে মজনুকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তার দাবি, প্রায় এক বছর ধরে ওই সড়কে আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। নির্মাণসামগ্রী, খোয়া ও ঢালাই মেশিন প্রায়ই সড়কে এলোমেলো অবস্থায় পড়ে থাকে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি খোয়ার ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণকাজের ঢালাই মেশিনে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময়ও তিনি সামান্য নড়াচড়া করছিলেন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত মজনুকে আলমডাঙ্গার ফাতেমা টাওয়ারে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত ও কাটা জখম ছিল।


এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, সড়কে নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়ক নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মাত্র দুই মাস আগে নতুন সংসার শুরু করা মজনুর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে গোটা এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণাধীন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্মাণসামগ্রী সঠিকভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



কমেন্ট বক্স