চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের নিয়ে কমিউনিটি বেজড একটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে গতকাল সোমবার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প আয়োজিত এ সভায় অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার ও আয়োজক সংস্থার প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম লিটন।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের শক্তি কাজে লাগাতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সবুজ উদ্যোক্তা তৈরি অত্যন্ত জরুরি। ওয়েভ ফাউন্ডেশন বিশ্বাস করে, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেবে এবং একই সঙ্গে সামাজিক ও পরিবেশগত ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
আয়োজকেরা জানান, প্রকল্পের মূল লক্ষ্য ৫০০ তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। যাতে তারা পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে।
সভায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিসহ ৫০ জন অংশগ্রহণ করেন। প্রকল্পটি চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ সদর উপজেলা এবং মেহেরপুর সদর উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মাহবুব হোসাইন আবির। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রজেক্ট অফিসার কানিজ সুলতানা ও জিল্লুর রহমান রাজা।
সমীকরণ প্রতিবেদক