সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর মৃগমারী গ্রামে মাদক ও জুয়াবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৬ ইং
জীবননগর মৃগমারী গ্রামে মাদক ও জুয়াবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার অবক্ষয় থেকে রুখতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে বিক্ষোভ সমাবেশ, র‌্যালি ও গণজাগরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মৃগমারী যুবসমাজ ও সচেতন জনতার ব্যানারে এই মাদক ও জুয়াবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে দল-মত নির্বিশেষে মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ।


প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, মাদক ব্যবসায়ীর সংখ্যা আপনাদের চেয়ে বেশি না। আপনাদের সততার শক্তি আছে, সেই শক্তি দিয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে হবে। আমাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। আপনারা সহযোগিতা করলে আমাদের কাজটা অনেক সহজ হবে। কে বা কারা আপনার এলাকায় মাদকের সাথে জড়িত, আপনারা জানেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, মাদকের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে নিয়ে আগামীর প্রজন্মকে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারি।


৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহাদ আলী, যুবসমাজের প্রতিনিধি ইমরান হোসেন, সবুজ হোসেন ও ইউসুফ আলী।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজে এখন মাদক একটা ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজ মাদকের সাথে জড়িয়ে পড়ছে। মাদকের অর্থ যোগান দিতে অনেকেই খারাপ পথে নেমে পড়ছে। এতে সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে পারিবারিক অশান্তি ও কলহ। আমাদের যুবসমাজকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চার হতে হবে। এই গ্রামে কোনো মাদকের অস্তিত্ব রাখা যাবে না। যারা মাদক ব্যবসা ও সেবন করে, তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে। মাদকের বিরুদ্ধে কোনো রকম ছাড় হবে না বলে স্লোগান দেন গ্রামবাসী।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ