আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ গ্রাম গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে চিৎলা রুইতনপুর পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রুইতনপুর এলাকার বাসিন্দা মৃত বাবর আলী মন্ডলের পুত্র মতিয়ার (৫৪), আব্দুল হাকিমের পুত্র সোহাগ আলী (৩২), মৃত আবুল কালামের পুত্র মঞ্জুর আলী (৩২); মেহেরপুর সদর উপজেলার শিমুলতলা গ্রামের শরিফুল ইসলামের পুত্র টনিক (২৫) ও আব্দুল আলিমের পুত্র রাসেল হোসেন তুহিন (২১); আলমডাঙ্গা থানাপাড়ার মৃত মোকলেসুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪০); ওসমানপুর হঠাৎপাড়ার হেলাল উদ্দিনের ছেলে লিয়ন (২৫); হাসেম আলির ছেলে উজ্জ্বল হোসেন (২৬); লালচাঁদের ছেলে লাবলু হোসেন (৩৬); আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (২৬) এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গোবিন্দপুর গ্রামের আরশাদ আলির ছেলে আকবার আলী (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সঞ্জিত সাহার নেতৃত্বে একটি দল ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় আনিচ উদ্দিনের আমবাগানের উত্তর পাশ থেকে ১৩ জনকে ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গাঁজা বিক্রয় ও মজুতের অভিযোগে অজ্ঞাতনামা চার-পাঁচজন সহযোগীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা বা সেবনে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখার এই প্রয়াস পুলিশ অব্যাহত রাখবে।