শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২০২৫-২০২৬ অর্থবছরে হলদে পাখি সম্প্রসারণে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা

প্রত্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের তাগিদ
  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৬ ইং
২০২৫-২০২৬ অর্থবছরে হলদে পাখি সম্প্রসারণে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা

২০২৫-২০২৬ অর্থবছরে হলদে পাখি সম্প্রসারণে চুয়াডাঙ্গায় স্থানীয় প্রশাসন, শিক্ষার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্কাউট ও গার্ল গাইড কার্যক্রম শিশু-কিশোরদের মধ্যে মানবিকতা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, চারিত্রিক উৎকর্ষ ও পরোপকারের মানসিকতা গড়ে তোলে। এসব গুণাবলী ছোটবেলা থেকে লালন করা গেলে তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।’ তিনি আরও বলেন, শহরাঞ্চলের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট ও গার্ল গাইডস কার্যক্রম থাকলেও অনেক গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এ কার্যক্রম থেকে বঞ্চিত। তাই জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।


গার্ল গাইড ও স্কাউট কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত নির্ধারিত চাঁদা যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না হওয়ায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সংকট তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় জানানো হয়, দেশের কন্যাশিশু ও তরুণীদের আত্মনির্ভরশীল, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ লক্ষ্যে নতুন ইউনিট গঠন, সদস্য বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।


মতবিনিময় সভায় জেলার গাইডিং কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে গাইড ইউনিট গঠন, সদস্য সংখ্যা বৃদ্ধি, গাইডার ও ইউনিট লিডার তৈরির উদ্যোগ, প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় বৃদ্ধি এবং গাইডিং সম্প্রসারণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।


বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা সদস্যসচিব সম্পাদক রওফুন নাহার রিনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কোষাধ্যক্ষ জাহানারা বেগম। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন সেলিনা আজহার, দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গার্ল গাইডসের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন