চুয়াডাঙ্গার ডা. আফছার উদ্দিন কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মাহবুল ইসলাম। অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। একই সঙ্গে কলেজের কৃতী শিক্ষার্থী মো. সাদমান হাসিম ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে গেলে জীবনে সফলতা অর্জন সম্ভব। তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাজিব ফেরদৌস পাপেন, হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সনজিত সাহা, রোমেলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল হক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আবু সাঈদ এবং বিদায়ী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও মাহফুজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. তানজিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো. কুদরাত-ই-খুদা। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করা হয় এবং কৃতি শিক্ষার্থী মো. সাদমান হাসিমকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক