চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ৪ নম্বর শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নূর আলী মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। আয়োজকরা জানান, মরহুম নূর আলী মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
৪ নম্বর শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে মরহুম নূর আলী মিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে নূর আলী মিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর অবদানের কারণেই একসময় এ এলাকা বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে।’
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সব দাবি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব না হলেও জেলা পরিষদের পক্ষ থেকে আগামী মাসের মধ্যে প্রকল্প গ্রহণ করে বিদ্যালয়ের পেছনের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বহুতল ভবন নির্মাণের বিষয়েও চলতি বছরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবো। আমি কাজ করতে চাই, প্রতারণা নয়। আমি যতটুকু কাজ করতে পারবো, ততটুকুই আশ্বাস দেব।’
এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের আশ্বাস দেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মরহুম নূর আলী মিয়ার ছেলে মহিউল আলম সুজন বলেন, ‘আমি আমার বাবার আদর্শ অনুসরণ করে চলার চেষ্টা করি। নিজের পরিচয়ের আগে আমি বাবার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তিনি আমার জীবনের আদর্শ।’
ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রায়হান উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেসুর রহমান। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান। এসময় মরহুম নূর আলী মিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে মরহুম নূর আলী মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ। তিনি গাছটির যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক