ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ধর্মীয় উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের বড়বাজার চৌরাস্তা মোড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সুরেশ কুমার আগরওয়ালার সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কনকান্তি সাহা এবং সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ।
এসময় বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোনো ধর্মের উপাসনালয় ধ্বংসের হুমকি একটি সভ্য, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করে। তাই ধর্মীয় উসকানি, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু বিচার না হলে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা পর্যায়েও কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালাসহ বিভিন্ন সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।
নিজস্ব প্রতিবেদক