শুক্রবার, ১৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার দুধপাতিলায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায়

দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৬ ইং
দামুড়হুদার দুধপাতিলায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায়

দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলে থাকা দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ছোট দুধপাতিলা মুরগি ফার্মের পাশে মোটরসাইকেলযোগে অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাড়বাড়িয়া গ্রামের রফিকুলের ছেলে রাজু (২৫) ও দশমাইলের আব্দুল্লাহ (২৪)। আহত হয়েছেন ডুগডুগি গ্রামের রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২৩)।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল কাদের, রাজু ও আব্দুল্লাহ তিনজন মিলে একটি বক্সার মোটরসাইকেলযোগে ডুগডুগি আসছিলেন। তারা ছোট দুধপাতিলা মুরগি ফার্মের নিকট রেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত দর্শনা থেকে ছেড়ে আসা মহানন্দ ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আব্দুল কাদের আহত হন। আহত আব্দুল কাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।


এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা ও দর্শনা রেলওয়ে পুলিশ, দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন।


দর্শনা ফায়ার সার্ভিসের টিম লিডার আসিকুর রহমান বলেন, ‘আমরা সন্ধ্যা ৬টা ৫ মিনিটে খবর পাই দুধপাতিলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দুইজনের মৃতদেহ উদ্ধার করে জিআরপি পুলিশের নিকট হস্তান্তর করি। আমাদের আসার আগেই আহত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পেরেছি।’


দর্শনা রেলওয়ে পুলিশের এনামুল হক বলেন, একটি মোটরসাইকেলের তিনজন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। মোটরসাইকেলটি আধা কিলোমিটার দূরে দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওমি) শেখ মেজবাউদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার কাজে রেলওয়ে পুলিশের সহযোগিতা করেছি।’ চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই জগদীশ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় মাদক ব্যবসায়ী ও চোর গ্রেপ্তার