বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের জন্য পিআইবির প্রশিক্ষণের উদ্ধোধনকালে ডিসি লুৎফুন নাহার

দায়িত্বশীল সাংবাদিকতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে
  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের জন্য পিআইবির প্রশিক্ষণের উদ্ধোধনকালে ডিসি লুৎফুন নাহার

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই ও অপতথ্য প্রতিরোধে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক, গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।


চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ যেমন দ্রুততর হয়েছে, তেমনি গুজব ও অপতথ্যের বিস্তারও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রতিটি তথ্য যাচাই না করে বিশ্বাস করা যায় না। সঠিক তথ্য শনাক্ত ও অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং এখন সময়ের অপরিহার্য প্রয়োজন।


তিনি আরও বলেন, বর্তমানে অপতথ্য সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাংবাদিকরা যদি তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করেন, তাহলে সহজেই ভুল তথ্য ও গুজব শনাক্ত করে জনগণের কাছে নির্ভুল সংবাদ পৌঁছে দিতে পারবেন। দায়িত্বশীল সাংবাদিকতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি। আরো বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, স্থানীয় সম্পাদক পরিষদের আহ্বায়ক সরদার আল আমীন, সদস্যসচিব রাজীব হাসান কচি এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।


বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, তথ্য যাচাই ও ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়ক ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রথম দিনের সেশন পরিচালনা করেন রিসোর্স পারসন তাওসিফ আকবর।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, তথ্য যাচাই, গুজব শনাক্তকরণ, অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।


দৈনিক সময়ের সমীকরণের প্রধান প্রতিবেদক সোহেল রানা ডালিম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ মামুন, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ উদ্দিন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ এবং সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামিসহ বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায়