চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে অর্জুন খাল থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহের সন্ধান পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রামের কয়েকজন ব্যক্তি কুতুবপুর বিলের অর্জুন খালের পাশে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।
স্থানীয়দের ভাষ্য, উদ্ধার হওয়া যুবকের পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, যুবককে হত্যা করে মরদেহ খালে ফেলে রাখা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ দেখতে পাই। রাত গভীর হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হবে। মরদেহ উদ্ধারের পর আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় তদন্ত করা হবে।’
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এছাড়া ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক সরোজগঞ্জ