শুক্রবার, ১২ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সংবর্ধনায় সিক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান

‘রাস্তার পাশে অব্যবহৃত জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ’
  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সংবর্ধনায় সিক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিট। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় শরীফুজ্জামান শরীফের এ অর্জন জেলার জন্য গৌরবের। তারা তাঁর নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গার মানুষের জন্য কাজ করার যে সুযোগ দল আমাকে দিয়েছে, সে জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া চুয়াডাঙ্গার উন্নয়নে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়।


তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ দেশের সর্বনিম্ন গ্রেডের জেলা পরিষদগুলোর একটি। ফলে এখান থেকে রাজস্ব আয় খুবই সীমিত। তবে জেলা পরিষদের প্রায় ৯৩০ একর জমি রয়েছে। অতীতে যারা দায়িত্ব পালন করেছেন, তারা এ সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে তেমন উদ্যোগ নেননি। জেলা পরিষদের ঐতিহ্যবাহী ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অতিথিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে সেটি প্রায় আবাসিক বাড়ির রূপ নিয়েছে। ইতোমধ্যে আমরা সেখানে পরিদর্শন করেছি।


শরীফুজ্জামান আরও বলেন, জেলা পরিষদের রাস্তার পাশে অব্যবহৃত পড়ে থাকা জমিগুলো কাজে লাগিয়ে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এছাড়া নিচের বাজার এলাকায় জেলা পরিষদের প্রায় তিন বিঘা জমি রয়েছে। সেখানে তিনতলা মার্কেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, “আজ আমরা যে মানুষটিকে সংবর্ধনা জানাতে এখানে একত্রিত হয়েছি, তার সম্পর্কে একটাই কথা বলা যায়- ‘তোমার পরিচয় এই বলে খ্যাত হোক, তুমি আমাদেরই লোক।” উপস্থিত সবার বক্তব্যেও সেই অনুভূতিই উঠে এসেছে। শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দেওয়ার মূল কারণ হলো, তিনি আমাদেরই একজন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য।



তিনি আরও বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী শরীফুজ্জামান শরীফকে ডেকে এ দায়িত্ব প্রদান করেছেন। এ পর্যন্ত যাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে একমাত্র শরীফুজ্জামান শরীফই মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাই আমরা আশা করতে পারি, তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গার উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জেলা উন্নয়নের ক্ষেত্রে বড় বড় জেলার সঙ্গে সমানতালে এগিয়ে যাবে।


নাজমুল হক স্বপন বলেন, ‘আমরা চাই এ জেলার মানুষের উন্নয়ন হোক। একই সঙ্গে চুয়াডাঙ্গা প্রেসক্লাবও জেলার একটি আইকনিক প্রতিষ্ঠান। এখানে কর্মরত সাংবাদিকরা অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কাজ করেন এবং তারাই চুয়াডাঙ্গাকে সারা দেশের মানুষের সামনে তুলে ধরেন। সে কারণে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় প্রেসক্লাবের প্রতি বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হবে বলে আমরা প্রত্যাশা করি। শুধু প্রেসক্লাব নয়, পুরো চুয়াডাঙ্গাই তাঁর অগ্রাধিকারের তালিকায় থাকবে।’ এসময় তিনি জেলা পরিষদের প্রশাসকের কাছে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের তিনতলা ভবনকে চারতলায় উন্নীত করার প্রস্তাবও তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আলামিন, প্রেসক্লাব সদস্য মফিজুর রহমান জোয়ার্দার, মিজানুর রহমান, এম এম আলাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট আহসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য সাব্বির গ্রেপ্তার