চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাদের বিগত মাসের কার্যক্রমের অগ্রগতি এবং আগামী মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এসময় সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম সকল এনজিওর গত মাসের কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
আলোচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোকে সরকারি কারিকুলাম অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আত্মহত্যা প্রবণতা হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধে মাঠপর্যায়ে উঠান বৈঠক ও জনসচেতনতামূলক কার্যক্রমের ওপর জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় এনজিওগুলোর মাঠপর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি মাদক বিরোধী প্রচারণা এবং পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী বলেন, জেলার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিটি এনজিওকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মাদক বিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং নারী-শিশু পাচার প্রতিরোধ বিষয়ে নিয়মিত উঠান বৈঠক, সভা ও সেমিনার আয়োজন করতে হবে। একই সঙ্গে প্রতিটি সভায় কার্যক্রমের অগ্রগতির প্রমাণাদি উপস্থাপন করতে হবে।
সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মাহমুদ হাসান, পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, টিটিসি ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ইমতিয়াজ আলী, জেলা সমবায় পরিদর্শক জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক