চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছেন জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনের হলরুমে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের পর ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে জেলার উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে। তিনি জেলার উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, চলতি মাসেই জেলার ২৯৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থানে মার্কেট ও দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা ব্যবসায়ীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং রাজস্ব আয় বৃদ্ধি করবে। শরীফুজ্জামান শরীফ বলেন, অনেক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ব্যবসা পরিচালনা করেন। জেলা পরিষদের মাধ্যমে বৈধভাবে দোকান লিজ প্রদানের ব্যবস্থা করা হলে তারা নিরাপদ ও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনের বিষয়ে তাঁর দপ্তরের দরজা সবসময় খোলা থাকবে এবং ব্যবসায়ী সমাজের উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। এছাড়াও বক্তব্য দেন দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, হোটেল-রেস্তোরাঁ ও বেকারি সমিতির সাধারণ সম্পাদক তহিবুর রহমান এবং সমবায় নিউ মার্কেটের সভাপতি সুমন পারভেজ খান।
নিজস্ব প্রতিবেদক