শুক্রবার, ১২ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ তদারকিমূলক অভিযানে এলাকার কয়েকটি বেকারি ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।


অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ফার্মপাড়ার মেসার্স নূর ফুড প্রোডাক্টস-কে ২৫ হাজার টাকা এবং মেসার্স সাকিল চানাচুর-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অনিয়ম দূর করে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য সাব্বির গ্রেপ্তার