বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ধূমপান তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ত্রৈমাসিক সভা

প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে অভিযান পরিচালনার আহ্বান
  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ধূমপান তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ত্রৈমাসিক সভা

চুয়াডাঙ্গায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব, ধূমপান নিয়ন্ত্রণ আইন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান।


সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কোনো ধরনের বিড়ি-সিগারেটের দোকান থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রতি মাসে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দেন।


তিনি বলেন, শহরের কোনো দোকানে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অবস্থিত তামাকজাত দ্রব্য বিক্রয়কারী দোকানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথমবার জরিমানার পরও নির্দেশনা না মানলে পরবর্তী সময়ে জরিমানার পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করা হবে।


সভায় অংশগ্রহণকারী সদস্যরা তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং, জনসচেতনতামূলক প্রচারণা এবং প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতাল, রেলস্টেশন ও জনসমাগমস্থলের আশপাশ থেকে সিগারেটের দোকান অপসারণের দাবিও তোলেন।


সভায় শিক্ষার্থীদের মধ্যে ধূমপান ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এসময় শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সেমিনার আয়োজন, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষকদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা খাতুন, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

পরিবারের একমাত্র অভিভাবক মাকে বাঁচাতে ছেলের আকুতি