বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দামুড়হুদায় অনিয়মে তিন ফার্মেসি মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় অনিয়মে তিন ফার্মেসি মালিককে জরিমানা

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে তিন ফার্মেসি মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ, স্যাম্পল ওষুধ বিক্রি ও প্রদর্শন এবং অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ না করার মতো নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ও ৪০(খ) ধারায় তিন ফার্মেসি মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে ভগিরাতপুর এলাকার মেজবাউদ্দীনকে ২ হাজার টাকা, কার্পাসডাঙ্গা বাজারের বিশ্বাস মেরিনোভা ফার্মেসির মালিক সাইফুল ইসলাম বিশ্বাসকে ৩ হাজার টাকা এবং হাবিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা ড্রাগ অফিসার ইকরামুল করিম এবং দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।


জেলা ওষুধ পরিদর্শক ইকরামুল করিম বলেন, সরকার নির্ধারিত নিয়ম-কানুন মেনে ওষুধ বিক্রি করতে হবে। অনুমোদনবিহীন ওষুধ বিক্রি এবং রেজিস্টার ছাড়া অ্যান্টিবায়োটিক বিতরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম বলেন, ওষুধ ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে অনুমোদিত ফার্মেসি থেকে ওষুধ কেনার মাধ্যমে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন