সোমবার, ৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন

উন্মুক্ত লটারিতে নির্বাচিত ২৩৬ জন
  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে খাদ্য বিভাগের উদ্যোগে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। লটারিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মোট ২৩৬ জন কৃষক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।


চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং কৃষক প্রতিনিধি হারিছ উদ্দিন উপস্থিত থেকে লটারির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা উপজেলায় ৭০৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে অংশ নিতে ২ হাজার ৯৭৭ জন কৃষক আবেদন করেন। প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৩৬ জন কৃষককে নির্বাচিত করা হয়।


ইউনিয়নভিত্তিক নির্বাচিত কৃষকদের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভায় ১০৩ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জন, আলুকদিয়া ইউনিয়নে ১২৫ জনের মধ্যে ১৪ জন, মোমিনপুরে ২২ জনের মধ্যে ১৯ জন, পদ্মবিলায় ১২৬ জনের মধ্যে ১৮ জন এবং শংকরচন্দ্র ইউনিয়নে ১ হাজার ৯৫ জন আবেদনকারীর মধ্য থেকে ২৩ জন নির্বাচিত হয়েছেন।


এছাড়া মাখালডাঙ্গা ইউনিয়নে ১ হাজার ১১ জনের মধ্যে ২২ জন, কুতুবপুরে ২৩৩ জনের মধ্যে ৪৮ জন, গড়াইটুপিতে ১০৭ জনের মধ্যে ২৭ জন, তিতুদহে ৭০ জনের মধ্যে ১৯ জন এবং বেগমপুরে ৭৩ জনের মধ্যে ২৪ জন নির্বাচিত হয়েছেন। নেহালপুর ইউনিয়নে আবেদনকারী ১২ জন কৃষকের সবাই নির্বাচিত হয়েছেন।


খাদ্য বিভাগ জানিয়েছে, নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার