চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনমূলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধ্যন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনৈতিক সংগঠন পরিচালনা এবং প্রশাসনিক দায়িত্ব পালন সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। জাতীয়তাবাদী দলের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সে কারণে আমাদের ধৈর্য্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জেলা পরিষদ ও প্রশাসনের কার্যক্রম কোনো ব্যক্তির জন্য নয়, এটি জনগণের কল্যাণ এবং রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। রাষ্ট্রীয় সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পথে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘রাষ্ট্রের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সকল কার্যক্রম সরকার ও নীতিনির্ধারকদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। আমরা চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন হারিয়েছি। তাই জনগণের আস্থা পুনরুদ্ধার এবং রাষ্ট্রের সেবামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আরও বেশি কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং হারানো দুটি আসন পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এ জন্য আমি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।’
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক