চুয়াডাঙ্গায় স্বেচ্ছায় খাল খনন কর্মসূচি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে স্বেচ্ছায় খাল খনন কর্মসূচি সম্পর্কিত পরিপত্র পাঠ করে শোনান রেভিনিউ ডেপুটি কালেক্টর এস. এম. আশিস মোমতাজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল খনন কর্মসূচি পুনরায় চালুর বিষয়টি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ ছিল। সরকার সেই অঙ্গীকার বাস্তবায়ন করছে। তিনি খাল খনন কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল খাল খনন ও পুনঃখনন কর্মসূচি। খাল খননের কার্যক্রম উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে পরিচালিত হবে। ইটভাটা মালিক সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ ও কবরস্থান কমিটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে একদিকে খাল পুনঃখনন হবে, অন্যদিকে যাদের মাটির প্রয়োজন রয়েছে, তাদের চাহিদাও পূরণ হবে। তিনি আরও বলেন, পরিকল্পনা ও নকশা অনুযায়ী নির্ধারিত খাল খনন করতে হবে। কোনোভাবেই অপরিকল্পিতভাবে খাল খনন করা যাবে না।
সভায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা স্বেচ্ছায় খাল খনন কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুত খাল খননের কাজ শুরু করতে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ ও কবরস্থানের মাটির প্রয়োজন হলে সহযোগিতা করারও আশ্বাস দেন তারা।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাজী নাসিরুদ্দিন শান্তি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মোতালেবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক