দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সংস্থার জেনারেল বডির নির্বাহী সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও উন্নয়নকর্মী মরহুম এ কে এম শহিদুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় দর্শনা হঠাৎপাড়া আনোয়ারপুর ওয়েভ ট্রেনিং সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মজনুর রহমান, মো. শফিকুল ইসলাম তরফদার সাবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুল আলম, দর্শনা পৌর লোকমোর্চার সাধারণ সম্পাদক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি ফজলুল হক, উপদেষ্টা জাহিদুল ইসলাম ও খালেকুজ্জামান, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এ কে এম শহিদুল আলমের বড় ভাই এ কে এম মফিদুল আলম। স্মরণসভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
স্মরণসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবন, সততা, মানবিক মূল্যবোধ এবং সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, “মরহুম এ কে এম শহিদুল আলম ছিলেন একজন দূরদর্শী, সৎ ও কর্মনিষ্ঠ মানুষ। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়নিষ্ঠা, মানবিকতা ও সমাজকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। মানুষের কল্যাণে কাজ করার অদম্য মানসিকতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সকলের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
অনুষ্ঠানের শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।