আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রাহুল ওরফে রুহুল (৪০)। তিনি কুষ্টিয়া জেলার ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গড়চাপড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মহল্লার স্থানীয় বোরহান হোসেন টিপুর বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি টিনের ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৯০০ টাকা নগদ জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকেই রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে রাহুলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ও তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় চারজন পলাতক এবং ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
আলমডাঙ্গা অফিস