চুয়াডাঙ্গায় এ্যাপলেক্স নাফি টেলিকমের উদ্যোগে ‘মোবাইল উৎসব র্যাফেল ড্র-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় শহরের নাফি টেলিকমের সামনে এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের একমাত্র পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি ই-বাইক।
আয়োজক সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে নাফি টেলিকম থেকে মোবাইল ফোন ক্রয়কারী প্রতিটি ক্রেতাকে একটি করে কুপন দেওয়া হয়। পরবর্তীতে এসব কুপন একটি নির্দিষ্ট বক্সে সংরক্ষণ করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে সেই কুপনের লটারির ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। তিনি ড্রয়ের কুপন উত্তোলন করেন। এতে ২৬৪৩ সিরিয়াল নম্বরের কুপন বিজয়ী হয়।
পরে নাফি টেলিকমের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন বিজয়ী কুপনের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। ই-বাইকের সৌভাগ্যবান বিজয়ী হয়েছেন মেহেরপুর জেলার বাড়াদী ইউনিয়নের পুরাতন দরবেশপুর গ্রামের চাঁদ আলীর ছেলে মকলেছুর রহমান। তিনি পেশায় একজন ভ্যানচালক।
পুরস্কার গ্রহণকালে আবেগাপ্লুত মকলেছুর রহমান বলেন, “আমি ১ হাজার ১৫০ টাকা দিয়ে একটি বাটন ফোন কিনেছিলাম। কখনো ভাবিনি এত বড় পুরস্কার পাব। জীবনে এই প্রথম কোনো পুরস্কার জিতলাম। আমি কখনো মোটরসাইকেলও চালাইনি, আর আজ নিজের একটি ই-বাইক পেলাম। এজন্য নাফি টেলিকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
র্যাফেল ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল এলাহী লাজ, সদস্যসচিব সুমন পারভেজ খানসহ স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও নাফি টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা।
নিজস্ব প্রতিবেদক