ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকালে একযোগে এসব কর্মসূচি পালিত হয়। র্যালি শেষে হাসপাতাল, সরকারি অফিস, পৌরসভা ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান কর্মসূচির আয়োজকেরা।
চুয়াডাঙ্গা:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে চুয়াডাঙ্গায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের আয়োজনে এবং চুয়াডাঙ্গা পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুমকে সামনে রেখে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে কর্মসূচি পরিচালিত হলেও এবার হাসপাতাল, সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের ও পেছনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “পৌরসভার মাধ্যমে নিয়মিত ফগার মেশিন দিয়ে মশকনাশক ওষুধ ছিটানো হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। নিজেদের বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই।” সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান তিনি। সদর হাসপাতালের পরিবেশ পরিদর্শন শেষে তিনি বলেন, হাসপাতালের শয্যা ও আসনসংখ্যা বৃদ্ধি করা হলেও প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী নেই। জনবল সংকটের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কাক্সিক্ষত পরিচ্ছন্নতা বজায় রাখতে হিমশিম খায়। এ কারণে পৌরসভা এবং বেসরকারিভাবে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী দিয়ে সহযোগিতা করা হচ্ছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান, পৌর প্রশাসক শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দীন আহমেদ, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা:
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে প্রথমে র্যালি বের হয়। র্যালি শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহীন আলম। পরবর্তীতে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামছুজোহা পলাশ, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি সাব-ইন্সপেক্টর শামসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ। একই সময় পৃথকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে "পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখুন, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন" এই স্লোগানকে সামনে রেখে প্রথমে হাসপাতাল চত্বর থেকে র্যালী বের হয়। র্যালী শেষে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন এমটিইপিআই ফারুক হোসেন, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সমীকরণ প্রতিবেদক